বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ড্রাইভিং পেশার আড়ালে মাদক পাচার, ৬৮ হাজার ইয়াবাসহ কারবারি আটক

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

ড্রাইভিং পেশার আড়ালে মাদক পাচার, ৬৮ হাজার ইয়াবাসহ কারবারি আটক
৬৮ হাজার ৩০০ ইয়াবাসহ বাবু মোল্লা আটক।

বাবু মোল্লা (৪৫)। পেশায় একজন প্রাইভেটকার চালক। অতিরিক্ত টাকার লোভে ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে প্রাইভেটকারে করে ঢাকায় ইয়াবা পাচার করছিলেন তিনি।

অবশেষে রোববার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে ৬৮ হাজার ৩০০ ইয়াবাসহ বাবু মোল্লাকে আটক করে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩ লাখ ৪ হাজার টাকা।

বাবু চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছিল। গাড়িতে ইয়াবা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করে। এসময় কালো রঙের ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে গাড়িটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। এরপর গাড়ির ব্যাক ডালার পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্লাস্টিকের মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করে। প্রতি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস ইয়াবা রয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, কক্সবাজার থেকে প্রাইভেটকারে করে ঢাকায় ইয়াবা পাচারের সংবাদ পেয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করি। এসময় একটি প্রাইভেটকারের পেছনের ব্যাক ডালার ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ৬৭ হাজার ৬৮০ পিস এবং আরো ৬২০ পিস ভাঙা ইয়াবা ট্যাবলেটসহ মোট ৬৮ হাজর ৩০০ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ি চালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি আটক বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারে। বিভিন্ন থানায় তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর