ঠাকুরগাঁওয়ের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও ডেইলি অবজারভারের সাবেক সাংবাদিক অধ্যক্ষ সৈয়দ মেরাজুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁওসহ দেশের সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
শনিবার (২০ জুন) দুপুরে তাঁর মরদেহ ঠাকুরগাঁওয়ে আনা হয়। পরে পাবলিক ক্লাব প্রাঙ্গণে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পাবলিক ক্লাব মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে ঠাকুরগাঁও পুরাতন কবরস্থানে দাফন করা হয়।
সৈয়দ মেরাজুল হোসেন ঠাকুরগাঁও জেলা সিপিবির সাবেক সভাপতি এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে (বোটানি) অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। মেধা ও যোগ্যতার বিচারে দেশের শীর্ষ পর্যায়ে কাজ করার সুযোগ থাকলেও, তিনি নিজ জেলা ও সাধারণ মানুষের সেবাকেই জীবনের ব্রত হিসেবে বেছে নেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও আপোশহীন আদর্শের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে একজন সাহসী গেরিলা যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার জন্য সক্রিয় ভূমিকা পালন করেন। সাংবাদিকতা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে তিনি ছিলেন নির্ভীক কণ্ঠস্বর। তাঁর বিরুদ্ধে জীবদ্দশায় কোনো ধরনের দুর্নীতির অভিযোগ ওঠেনি।
ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংগঠনিক শুদ্ধতা ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। সাংবাদিক সমাজের কাছে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, অভিভাবক ও প্রেরণার উৎস।
তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা বলেন, সৈয়দ মেরাজুল হোসেনের মৃত্যুতে ঠাকুরগাঁও হারিয়েছে একজন আলোকিত মানুষ, আদর্শবান সাংবাদিক, সৎ রাজনীতিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এক সংগ্রামী ব্যক্তিত্বকে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রতিনিধি/ এজে




