বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চরফ্যাশনে সম্পত্তি বিরোধের জেরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৬:৪৩ এএম

শেয়ার করুন:

চরফ্যাশনে সম্পত্তি বিরোধের জেরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ভোলার চরফ্যাশনের শশিভূষণে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জলিল পণ্ডিত নামে এক ব্যক্তির লাশ দাফনে বাধা ও সন্তানদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২০ জুন) উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

পরিবার সূত্রে জানা গেছে, মৃত জলিল পণ্ডিত তার জীবদ্দশায় ৪টি বিয়ে করেন এবং বর্তমানে তার দুই স্ত্রী ও সাতজন ছেলে-মেয়ে রয়েছেন। সন্তানদের অভিযোগ, তার রেখে যাওয়া সম্পত্তি ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে যান। এই সম্পত্তিগত বিরোধের জের ধরেই লাশ দাফনে বাধা দেন সন্তানরা।

পরে বাধ্য হয়ে পরিবারের লোকজন নিজ বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়েন। কিন্তু সেখানেও মৃতের চতুর্থ স্ত্রী ও সেই ঘরের সন্তানরা পূনরায় বাধা প্রদান করেন। এছাড়াও লাশ আঙিনায় রেখে ভাইবোনদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুলিশের সামনেই কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সন্তানদের বুঝিয়ে মৃত জলিল পণ্ডিতের লাশ নিজ বাড়ির আঙিনায় জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়।

প্রতিবেশী আব্দুল বারেক জানান, জলিল পণ্ডিতের সম্পত্তি নিয়ে তার সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মৃত্যুর আগে জলিল পণ্ডিত বিষয়টি মীমাংসা করতে পারেননি। তাই মৃত্যুর পরে জটিলতার সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসী সন্তানদের বুঝিয়ে মৃত জলিল পণ্ডিতের লাশ নিজ বাড়ির আঙিনায় জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃতের ৪টি পরিবারে ৭ জন সন্তান রয়েছে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে লাশ দাফনে বাধা দিলেও পরবর্তীতে স্থানীয়দের সমঝোতায় মীমাংসা করে লাশ দাফন করা হয়। পরিস্থিতি এখন শান্ত আছে।

এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

প্রতিনিধি/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর