চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, দিন-রাত সবসময় মানুষ মশার উপদ্রবে অতিষ্ঠ… আমি অস্বীকার করব না, এই মশা নিয়ে আমি বিব্রত।
আজ বুধবার (২৩ মার্চ) চসিক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মেয়রের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে নগরীর আন্দরকিল্লার কে বি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেয়র বলেন, দিনে যেমন মশা, তেমনি রাতেও মশা। কিছু দিন আগে নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের একটা খাল পরিদর্শনে গিয়ে বিব্রত হয়েছি। তবে জলাবদ্ধতা নিরসনে নগরীর বেশ কয়েকটি খালে বাধ দেওয়া হয়েছে। সেখানে পানি জমে থাকার কারণে মশার বিস্তার ঘটছে। মশার উপদ্রব দূর করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষকদের পরামর্শে ওষুধ ছিটিয়েছি। জলাবদ্ধতা নিরসনের কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
এর আগে মেয়র তার বক্তব্যে নগরীর ৭৬৯ কিলোমিটার সড়কের উন্নয়ন, ২২টি কালভার্ট, ১০টি গোল চত্বর, ১৪টি ব্রীজ, ২২টি কালর্ভাট, ৩৮টি ফুটওভার ব্রীজ এবং ১টি ওভারপাস নিমার্ণের জন্য বিনা ম্যাচিং ফান্ডে ২ হাজার ৪৯১ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন লাভের বিষয়টি তুলে ধরেন।
এছাড়া নগরীর ৩০টি সড়কের ৭৬ কিলোমিটার অংশে পোল বসিয়ে এলইডি লাইট স্থাপনের মাধ্যমে আলোকায়ন, পথচারীদের চলাচলের সুবিধার্থে ২৫ হাজার ২৫,০০০ বর্গফুট স্ল্যাব মেরামত ও নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
এএ




