বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডিএসইর প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

ডিএসইর প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার
নুজহাত আনোয়ার। ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। ডিএসইর ইতিহাসে এই প্রথম কোনো নারী এই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিএসইর নতুন এমডি হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে নুজহাত আনোয়ারের দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে কর্মরত ছিলেন। সেখানে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তিনি একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেন।

আইএফসিতে দায়িত্ব পালনকালে তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

এর আগে বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নুজহাত আনোয়ার। গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নেও তার অবদান রয়েছে।

ক্যাপিটাল ব্যবস্থাপনা, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে নুজহাত আনোয়ারের। কর্মজীবনের শুরুতে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে টানা ১৬ বছর বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।

নুজহাত আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসির অনুমোদন পাওয়ায় তারা সন্তুষ্ট। গত এক বছরে নিয়োগসংক্রান্ত কমিটি ও পরিচালনা পর্ষদ একজন দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে নিরলসভাবে কাজ করেছে।

তিনি বলেন, দেশ ও বিদেশে আর্থিক খাতে নুজহাত আনোয়ারের অভিজ্ঞতা এবং পুঁজিবাজার রূপান্তরে তার আগ্রহ ডিএসইকে ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়ক হবে। দ্রুততম সময়ে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর