বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল
অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল

সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের সহায়তা, ব্যবসা পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সম্মাননা পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের ‘সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (SPCSSECP)’-এর আওতায় আয়োজিত ‘ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ শীর্ষক ডিসেমিনেশন সেমিনারে প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

সেমিনারে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করার লক্ষ্যে গৃহীত এসপিসিএসএসইসিপি প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এছাড়াও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন এসপিসিএসএসইসিপি প্রকল্পের পরিচালক কাজী তামান্না হক।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, “অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের অন্যতম চালিকাশক্তি। বিশেষ করে সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ ব্যবসার প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইপিডিসি উদ্ভাবনী ও দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে এই অগ্রযাত্রার অংশ হতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আশা প্রকাশ করেন, সিএমএসএমই খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী উদ্যোক্তাদের আরও বৃহত্তর পরিসরে সহায়তা অব্যাহত রাখতে প্রকল্পটির আওতাধীন তহবিল ভবিষ্যতেও পুনরাবর্তন করা হবে, যাতে আরও বেশি উদ্যোক্তা সহজ শর্তে অর্থায়নের সুযোগ পেতে পারেন।

অনুষ্ঠানে সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের সহায়তা, ব্যবসা পুনরুদ্ধার এবং আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদানের জন্য আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’কে একটি সম্মাননা সনদ প্রদান করা হয়।

আইপিডিসি ফাইন্যান্স জানায়, এই সম্মাননা দেশের প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও সিএমএসএমই খাতের উন্নয়ন, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর