শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতর থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন নং-৫৯১৬/২০০৮-এর রায়ের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ এবং প্রতিকারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কমিটি গঠন করতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রতিটি কমিটিতে মোট পাঁচজন সদস্য থাকবেন। সদস্যদের মধ্যে নারীর সংখ্যা হতে হবে সংখ্যাগরিষ্ঠ। পাশাপাশি সম্ভব হলে কমিটির সভাপতির দায়িত্বও একজন নারীকে প্রদান করতে হবে।
গঠিত কমিটি ইউজিসি প্রণীত নীতিমালার আলোকে যৌন হয়রানি প্রতিরোধ, অভিযোগ গ্রহণ, তদন্ত এবং প্রতিকারসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে কমিটিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের দ্রুততম সময়ের মধ্যে এ কমিটি গঠন এবং প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নীতিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করে শিক্ষার্থী ও কর্মীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এম/এমআই




