আজ ৬ সেপ্টেম্বর ঢালিউডের চুপ হয়ে যাওয়ার দিন। বাংলা সিনেমাপ্রেমীদের মাতমের দিন। কেননা ১৯৯৬ সালের এই দিনে অজানার উদ্দেশে পাড়ি জমান বাংলা সিনেমার জনপ্রিয় তারকা সালমান শাহ। বছর ঘুরে দিনটি ফিরে এলেই অনুরাগী ও সহকর্মীদের হৃদয় বেদনার নীল জলে ভেসে যায়। শোক হয়ে ওঠে স্রোতস্বিনী কোনো নদী।
দিনটিতে ব্যথিত হৃদয়ে সালমানকে স্মরণ করেন তার ভক্তবৃন্দ ও শোবিজ তারকারা। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আছেন এ তালিকায়। আজ ৬ সেপ্টেম্বর স্বপ্নের নায়ক হারানোর দিনে দীঘি সামাজিক মাধ্যমে করেছেন একটি পোস্ট।
নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে দীঘি লিখেছেন, সময় যেন থমকে গিয়েছিল সেই ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর। মাত্র কয়েক বছরের চলচ্চিত্রজীবন, অথচ তার প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ আজও মানুষের মনে গেঁথে আছে।
এরপর লেখেন, তিনি ছিলেন শুধুই একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক আবেগ, এক ভালোবাসা, এক প্রজন্মের স্বপ্নদ্রষ্টা। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’—প্রতিটি ছবিতে তিনি যেন নিজের হৃদয় ঢেলে দিয়েছিলেন। সালমান শাহ নেই, কিন্তু তার কাজ, তার স্মৃতি, তার হাসিমাখা সেই মুখ—সবকিছু আজও আমাদের মাঝে বেঁচে আছে। মৃত্যুর পরও তিনি অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে।
৯০ দশকের গোড়ার দিকে একের পর এক ব্যবসাসফল ছবি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। প্রায় চার বছরের অভিনয় জীবনে ২৭টি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। এরমধ্যে উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’, ‘এই ঘর এই সংসার’, ‘জীবন সংসার’, ‘অশ্রু দিয়ে লেখা’। সালমান শাহ-শাবনূর সিনেমাপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় জুটি।




