বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঈদে সপরিবারে দেখা দিলেন সালমান, নিরাশ করলেন শাহরুখ-আমির

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১০:৫১ এএম

শেয়ার করুন:

ঈদে সপরিবারে দেখা দিলেন সালমান, নিরাশ করলেন শাহরুখ-আমির

গতকাল শনিবার বাংলাদেশের মতো ভারতেও পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সব শ্রেণি ও বয়সের মুসলিম সম্প্রদায়ের মানুষ মেতে উঠেছিলেন ঈদ উৎসবে। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে বলিউডকেও। এ বছর কীভাবে ঈদের দিন কাটালেন তিন মহারথী শাহরুখ, সালমান ও আমির খান?

প্রতি বছর এই তিন তারকার বাড়ির সামনে জড়ো হন ভক্তরা। অনুরাগীদের সঙ্গে ঈদের মুহূর্ত ভাগ করে নিতে বাড়ির বারান্দায় এসে দাঁড়ান তাঁরা। ঈদের দিন সালমানের অসুস্থ বাবা সেলিম খানকে হুইলচেয়ারে বসিয়ে গ্যালাক্সির বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি। সেখান থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান। পাশে ছিলেন অভিনেতার মা সালমা খান, দুই ভাই আরবাজ খান ও সোহেল খান। সঙ্গে ছিলেন অর্পিতার দুই সন্তান আয়াত ও আহিল। মামার দেখাদেখি হাত নাড়ল তারাও।

আমির খান বরাবরই সাধারণভাবে ঈদ উদযাপন করেন। হাতেগোনা কয়েকজন বন্ধু কিংবা পরিচিতজন ছাড়া ঈদে কারও সামনে উপস্থিত হন না। এবারও তার ব্যতিক্রম হয়নি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজের ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদেরও নিমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। আমন্ত্রণে সাড়া দিয়ে অভিনেতার বাড়িতে উপস্থিত হয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা কুর্তা-পাজামায় অতিথিদের আপ্যায়ন করছেন আমির।

এবারের ঈদে খালি হাতে ফিরতে হয়েছে শাহরুখ ভক্তদের। কেননা এবার আর মান্নাতের ছাদে দেখা যায়নি তাঁকে। কিছুদিন আগে বাড়িটি ছেড়ে সপরিবারে পলি হিলসের বাড়িতে উঠেছেন তিনি, এখনো ফেরা হয়নি। তবে সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুলেননি শাহরুখ খান। 

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে বরকতময় ঈদের শুভেচ্ছা। সকলের প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা। আমরা যা প্রার্থনা করি, তার চেয়েও যেন বেশি কিছু অর্জন করতে পারি.. ঈদ মোবারক।’

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর