বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদুরোকে অপহরণে এআই ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

মাদুরোকে অপহরণে এআই ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে তুলে আনতে সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করেছিল মার্কিন সেনা। 

মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভেনেজুয়েলায় এই সামরিক অভিযানের সাফল্যের নেপথ্যে বড় হাত রয়েছে এআই-এর। 

পেন্টাগন এই প্রথমবার কোনও সামরিক অভিযানে (ক্লাসিফায়েড মিশন) অ্যানথ্রোপিক সংস্থার এআই মডেল ‘ক্লড’-এর ব্যবহার করল বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনার হাতে এআই মডেল ‘ক্লড’-কে পৌঁছে দিয়েছে পালান্টির টেকনোলজিস নামে একটি ডেটা সংস্থা। 

এই সংস্থার সঙ্গে দীর্ঘ দিন ধরেই কাজ করছে পেন্টাগন। বিশেষ করে আমেরিকার প্রতিরক্ষা দফতর এবং গোয়েন্দা দফতরের সঙ্গে এই সংস্থাটি কাজ করে। 

দেশের প্রতিরক্ষার জন্য নানা ধরনের উচ্চমানের প্রযুক্তিসম্পন্ন সরঞ্জাম বানাতে ওপেন এআই, অ্যানথ্রোপিকের মতো সেরা এআই সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে আমেরিকা। 

প্রতিরক্ষা ব্যবস্থায় বেশি করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করার কৌশলও নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ। আর তার প্রথম ঝলক দেখা গিয়েছে ভেনেজুয়েলার সামরিক অভিযানে। অন্তত তেমনই দাবি করা হচ্ছে।

অ্যানথ্রোপিক-এর মুখপাত্র জানিয়েছেন, এআই মডেল ‘ক্লড’-এর ব্যবহার তা সে বেসরকারি ক্ষেত্র বা সরকারি ক্ষেত্রই হোক না কেন, সংস্থার নীতি অনুসরণ করে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। 

কী ভাবে, কোন ক্ষেত্রে এই মডেল প্রয়োগ করা হবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষেই করা হবে। তবে ভেনেজুয়েলার সামরিক অভিযানে এইআই মডেল ‘ক্লড’-এর ব্যবহার প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে গিয়েছেন অ্যানথ্রোপিকের মুখপাত্র।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত জানুয়ারিতেই দাবি করেছিলেন যে, এইআই মডেলকে কোনও ভাবেই সামরিক অভিযানে ব্যবহার করা হবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, অন্তত রিপোর্ট বলছে, ভেনেজুয়েলার সামরিক অভিযানে এআই বড় ভূমিকা নিয়েছে।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে আসে মার্কিন সেনারা। সেই অভিযানের পরই মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনাকর্মী দাবি করেন ‘রহস্যময়’ অস্ত্র প্রয়োগ করেছে মার্কিন সেনাবাহিনী। যা নিয়ে শোরগোল পড়ে যায়। 

কী সেই অস্ত্র? সেই প্রসঙ্গে আমেরিকা সরাসরি কিছু না বললেও, বিভিন্ন সূত্রে দাবি করা হয়, ‘সোনিক ওয়েপন’ ব্যবহার করেছিল মার্কিন সেনারা। তা হলে কি সেই রহস্যময় অস্ত্র এআই মডেল ‘ক্লড’? তা নিয়ে জল্পনা বাড়ছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর