রাজধানীর গুলশানের ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। রাজউকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের শুনানিতে এমন তথ্য আদালতে দাখিল করেছেন সাক্ষীরা।
রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা—নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী ও সহকারী নির্বাহী সদস্য হিমেল চন্দ্র দাস। তারা ফ্ল্যাট মালিকানা সংক্রান্ত নথিপত্র আদালতে জমা দেন।
এ দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহানও সাক্ষ্য প্রদান করেন। এ নিয়ে প্লট জালিয়াতির তিনটি পৃথক মামলায় মোট ১৫ জন সাক্ষ্য দিলেন।
মামলাগুলোতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ৬ অক্টোবর নির্ধারণ করেছেন। এর আগে সাক্ষীরা জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মবহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ জনের বিরুদ্ধে এসব মামলা করে।
এম/ক.ম




