বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

একদিনের ব্যবধানে সেই লাভলুর জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

একদিনের ব্যবধানে সেই লাভলুর জামিন বাতিল
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। ছবি: সংগৃহীত

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে দেওয়া জামিন এক দিনের মাথায় প্রত্যাহার করেছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) তার জামিনের আদেশ প্রত্যাহার করা হয়। এর আগে রোববার (২৬ এপ্রিল) ঢাকার অতিরিক্ত দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিশির ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপাচার্য মো. আখতারুজ্জামানের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেসবুকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন লাভলু মোল্লা শিশির। এ ঘটনায় গত বছরের ১৮ নভেম্বর শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশে দেয়। পরে শাহবাগ থানার মামলায় শিশিরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগের বাংলামোটর পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

এখন পর্যন্ত শিশিরকে কেন রোববার জামিন দেওয়া হয়েছিল এবং সোমবার তা প্রত্যাহারের নির্দেশ কেন দেওয়া হলো-এ বিষয়ে আদালতের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, শিশিরের বিরুদ্ধে অন্য আরও অভিযোগ ও মামলা থাকায় জামিন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর