বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নির্বাচন-পরবর্তী সহিংসতায় সিটিজেন ইনিশিয়েটিভের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম

শেয়ার করুন:

নির্বাচন-পরবর্তী সহিংসতায় সিটিজেন ইনিশিয়েটিভের নিন্দা
নির্বাচন-পরবর্তী সহিংসতায় সিটিজেন ইনিশিয়েটিভের নিন্দা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিটিজেন ইনিশিয়েটিভ।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় সংগঠনটি।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে সংগঠনটি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

সংগঠনটির বক্তব্য অনুযায়ী, প্রাপ্ত তথ্যে অন্তত একটি হত্যাকাণ্ডসহ যৌন সহিংসতা, শারীরিক হামলা, সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, লুটপাট এবং বিভিন্ন ধরনের নির্যাতনের অসংখ্য অভিযোগ উঠে এসেছে। এসব ঘটনা নাগরিকদের জীবন, শারীরিক নিরাপত্তা, মর্যাদা ও সম্পদের ওপর গুরুতর হুমকির ইঙ্গিত দেয় বলে মনে করছে তারা।

সিটিজেন ইনিশিয়েটিভ বলেছে, নির্বাচন একটি সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। তাই নির্বাচন-পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কোনো পরিস্থিতিতেই ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা, ভীতি প্রদর্শন বা প্রতিশোধমূলক আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো দ্রুত, নিরপেক্ষ ও কার্যকরভাবে তদন্তের আহ্বান জানিয়ে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া গ্রহণের দাবি জানিয়েছে। তদন্ত আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে পরিচালনা এবং ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নির্বিশেষে আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি সহিংসতার শিকার ব্যক্তি ও পরিবারগুলোর জন্য নিরাপত্তা, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচন-পরবর্তী এই সময়টিতে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর