ম্যারাথন কখনো শুধু নির্দিষ্ট কিছু কিলোমিটারের পথ অতিক্রম করা নয়। এটি নিজের সীমানাকে ছাড়িয়ে যাওয়ার লড়াই, সুস্থ জীবনের প্রত্যয় আর একটি চেনা শহরকে নতুন করে উদযাপনের গল্প। সেই গল্পে নতুন মাত্রা যোগ করতে আজ ১৯ জুন (শুক্রবার) রাজধানীর হাতিরঝিলে তৃতীয় বারের মত আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মানের ম্যারাথন “টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে” ২০২৬।
‘রোড টু গ্লোরি” (Road to Glory) স্লোগানকে সামনে রেখে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘রান বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই মেগা ইভেন্টে এবার অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রায় ৩ হাজার অপেশাদার ও পেশাদার রানার। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর হাতিরঝিল এলাকা।
গত দুই আসরের ধারাবাহিক সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার আরও বড় পরিসরে ও নিখুঁত ব্যবস্থাপনায় ফিরছে ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’। বরাবরের মত এবারের আয়োজনের টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় অ্যাক্টিভওয়্যার ব্র্যান্ড টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠান। সমাজে একটি সক্রিয়, গতিশীল ও স্বাস্থ্যকর জীবনধারার (Active Lifestyle) বার্তা ছড়িয়ে দিতেই আন্তর্জাতিক মানের এই ম্যারাথন আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’। শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন রানার, অভিজ্ঞ অ্যাথলেট এবং সাধারণ পরিবার—সবাই একই লক্ষ্যে একত্রিত হন। অংশগ্রহণকারীদের কেউ নিজের ব্যক্তিগত সেরা সময়ের (PB) রেকর্ড ভাঙতে, কেউ নিজের শারীরিক সক্ষমতা যাচাই করতে, আবার কেউ কেবলই দৌড়ের আনন্দ ও সৌহার্দ্য ভাগ করে নিতে এই ট্র্যাকে নামছেন।
উর্মি গ্রুপের পরিচালক জনাব, ফাইয়াজ রহমান জানান, ম্যারাথন এখন আর কেবল কোনো ক্রীড়া ইভেন্ট নয়; এটি একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। নিয়মিত দৌড় ও শারীরিক কসরত মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়িয়ে একটি ইতিবাচক সমাজ গঠনে ভূমিকা রাখে। টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠান সবসময় ক্রীড়া, সুস্থতা এবং তরুণ প্রজন্মের ইতিবাচক বিকাশের সঙ্গে থাকতে চায়।
এজেড



