বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

হ্যাটট্রিকের সামনে আলকারাজ, প্রতিশোধের চোখ সিনারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

হ্যাটট্রিকের সামনে আলকারাজ, প্রতিশোধের চোখ সিনারের

উইম্বলডনের এবারের ফাইনাল ম্যাচটিকে ঘিরে টেনিস ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা। কেনই বা হবে না? ফরাসি ওপেনের মতো এবারও ফাইনালে মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। আগের ফাইনালে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে নাটকীয় জয় পেয়েছিলেন আলকারাজ। এবার কি সেই হারের প্রতিশোধ নিতে পারবেন সিনার? নাকি ঘাসের কোর্টেও হ্যাটট্রিক শিরোপা তুলে নেবেন স্প্যানিশ সেনসেশন?

সেমিফাইনালে ২৪টি গ্র্যান্ডস্ল্যামজয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে ওঠে সিনার। মাত্র দুই ঘণ্টার কম সময়েই ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে জিতে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে জায়গা করে নেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান।

তবে সিনারের এই যাত্রাপথ পুরোপুরি মসৃণ ছিল না। কোয়ার্টার ফাইনালে গ্রিগর দিমিত্রভের বিপক্ষে প্রথম দুই সেট হারার পর তৃতীয় সেটে খেলার মাঝপথেই হঠাৎ বুকের ব্যথায় কোর্টে পড়ে যান দিমিত্রভ। বাধ্য হয়ে ম্যাচ থেকে সরে দাঁড়ান তিনি। ফলে কিছুটা ভাগ্য সহায় ছিল বলেই অনেকে মনে করছেন।

অন্য সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন কার্লোস আলকারাজ। ফরাসি ওপেনের মতো এবারও ফাইনালে মুখোমুখি হচ্ছেন এই দুই তরুণ তারকা।

সিনার বলেন, আমি খুব খুশি আবারও কার্লোসের সঙ্গে কোর্টে নামতে পারব বলে। ফ্রেঞ্চ ওপেনে হারের কথা মাথায় থাকলে এত তাড়াতাড়ি আরেকটি ফাইনালে নামা কঠিন হতো। আমি জানি ম্যাচটা অনেক কঠিন হবে, কিন্তু আমি প্রস্তুত।

দু’জনের মধ্যে এখন পর্যন্ত ১২ বার দেখা হয়েছে, যার মধ্যে ৮ বারই জিতেছেন আলকারাজ। এমনকি সর্বশেষ পাঁচ ম্যাচেও জয়ের দেখা পাননি সিনার। ফলে স্প্যানিশ তারকাই কিছুটা এগিয়ে। তবে সিনার জানিয়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত।

২২ বছর বয়সী আলকারাজ জানেন, ফ্রেঞ্চ ওপেনে পাওয়া সেই রোমাঞ্চকর জয় এবার কোনো কাজে আসবে না। তিনি বলেন, সিনার এখন অনেক পরিপক্ব, শারীরিক ও মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে। জকোভিচের বিপক্ষে ওর পারফরম্যান্সই তার প্রমাণ। তাই আমার ধারণা, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর