বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইউএস ওপেন থেকে বিদায় জকোভিচের, ভাবছেন অবসর নিয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

ইউএস ওপেন থেকে বিদায় জকোভিচের, ভাবছেন অবসর নিয়ে

২০২৩ সালে ইউএস ওপেন জয়ের পর থেকে আর কোনো গ্র্যান্ড স্লাম জেতা হয়নি সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের। ২০২৫ সালের ইউএস ওপেন হয়ে উঠতে পারত তাঁর ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের মঞ্চ। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল সেমিফাইনালেই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে সেমিফাইনালে স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজের কাছে সরাসরি সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন এই ৩৮ বছর বয়সী কিংবদন্তি। 

ম্যাচে আলকারাজ জয় পান ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে। ম্যাচটি ১৪৩ মিনিট স্থায়ী হয়। দ্বিতীয় সেটে টাইব্রেকার পর্যন্ত লড়াই গড়ালেও শেষ পর্যন্ত শক্তিমত্তায় এগিয়ে ছিলেন ২২ বছর বয়সী আলকারাজ। জয় শেষে আলকারাজ বলেন, 'ফাইনালে ওঠার অনুভূতি দারুণ। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। হয়তো এটা আমার সেরা ম্যাচ না, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে খেলেছি।' 

এই জয়ে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নেন আলকারাজ। ২০২২ সালে এই প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তিন বছর পর আবার সেই মঞ্চে ফিরেছেন শিরোপার হাতছানি নিয়ে। এর আগে চলতি বছর ফ্রেঞ্চ ওপেনও জিতেছেন তিনি। এবারের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ইতালির ইয়ানিক সিনার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জকোভিচ অকপটে মেনে নিলেন বাস্তবতা। 'আমি চারটির মধ্যে তিনটি সেমিফাইনালেই হেরে গেছি এই দুইজনের (আলকারাজ ও সিনার) কাছে। ওরা সত্যিই দারুণ খেলছে। আজও দ্বিতীয় সেট পর্যন্ত লড়াই করেছি, কিন্তু তারপর গ্যাস শেষ হয়ে যায়। শক্তি ধরে রাখতে পারিনি। পাঁচ সেটের ম্যাচে এই অবস্থায় খেলা আমার জন্য ভীষণ কঠিন হয়ে যাচ্ছে,' বলেন জকোভিচ। 

তিনি আরও যোগ করেন—'আমার খেলার মান নিয়ে আমি খুশি। কিন্তু শারীরিকভাবে আর সেই জোর নেই। যতটা সম্ভব শরীরকে প্রস্তুত রাখার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত ওদের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে যায়। বিশেষ করে গ্র্যান্ড স্ল্যামের শেষ পর্যায়ে গিয়ে। তিন সেটের ম্যাচে হয়তো সুযোগ থাকে, কিন্তু পাঁচ সেটে আলকারাজ কিংবা সিনারের মতো প্রতিপক্ষকে হারানো এখন প্রায় অসম্ভব।'

অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায়ের পর অবসর নিয়ে প্রশ্ন উঠতেই স্পষ্ট করে কিছু বলেননি জোকোভিচ, তবে জানিয়েছেন তিনি ভাবছেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তিনি বলেন, 'আমি এখনো গ্র্যান্ড স্লামে খেলতে চাই। আগামী বছরও পুরো মৌসুম খেলার ইচ্ছা আছে। তবে সেটা আদৌ হবে কি না, তা নিয়ে ভাবছি। তবে গ্র্যান্ড স্লাম তো অন্য রকম ব্যাপার, এটা আমাদের খেলাধুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।'

গ্র্যান্ড স্লাম ইতিহাসে সবচেয়ে বেশি ২৪টি শিরোপা জয়ী জোকোভিচ সবচেয়ে সফল অস্ট্রেলিয়ান ওপেনে। সেখানে তিনি জিতেছেন ১০ বার। উইম্বলডন জিতেছেন সাতবার, ইউএস ওপেন চারবার ও ফ্রেঞ্চ ওপেন তিনবার। ২০২৩ সালে ইউএস ওপেন জয়ের পর গত দুই বছরে আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি তিনি। এবারও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো তাঁকে, আলকারাজের বিপক্ষে হারের মাধ্যমে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর