বার্বাডোজের ঘরোয়া টি-১০ লিগ 'বিম-১০'-এ দুর্নীতির অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের পেসার জাভন সিয়ার্লসসহ তিনজনকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিয়ার্লস, টাইটান্স দলের মালিক চিত্রঞ্জন রাঠোদ এবং দলের একজন অফিশিয়াল ট্রেভন গ্রিফিথ এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে। অভিযোগগুলো মূলত ২০২৩-২৪ মৌসুমের বিম-১০ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত, যেখানে ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতির চেষ্টার অভিযোগ উঠেছে।
সিয়ার্লসের বিরুদ্ধে সিডব্লিউআই অ্যান্টি-করাপশন কোডের অধীনে চারটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাচের ফলাফল প্রভাবিত করার চেষ্টা (ধারা ২.১.১), অন্য খেলোয়াড়দের দুর্নীতিতে জড়াতে উৎসাহ দেওয়া (ধারা ২.১.৪), জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তা কর্তৃপক্ষকে না জানানো (ধারা ২.৪.২) এবং তদন্তে সহযোগিতা না করা বা তথ্য গোপন করা।
রাঠোদের বিরুদ্ধে তিনটি এবং গ্রিফিথের বিরুদ্ধে সিডব্লিউআই কোডের অধীনে চারটি ও আইসিসি কোডের অধীনে একটি অভিযোগ রয়েছে। গ্রিফিথের ক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ সংক্রান্ত দুর্নীতির তথ্য গোপনের অভিযোগও উঠেছে।
তিনজনকেই আগামী ২৫ মার্চ, ২০২৬-এর মধ্যে এসব অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। এটি একটি চলমান তদন্তের অংশ, এবং পূর্ণ তদন্ত শেষে চূড়ান্ত শাস্তি ঘোষণা করা হবে।
জাভন সিয়ার্লস ক্যারিবিয়ান ক্রিকেটে পরিচিত নাম। তিনি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ছিলেন এবং ২০১৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রতিনিধিত্ব করেছেন।
এর আগে একই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকেও জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে সাময়িক নিষিদ্ধ করা হয়। বিম-১০ লিগে দুর্নীতির ঘটনাগুলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টি-করাপশন ইউনিটের নজরে এসেছে, যা এখন আইসিসির সঙ্গে যৌথভাবে তদন্ত করছে।




