লন্ডনের আর্সেনাল ভক্তদের ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান কি আজ রাতেই হতে যাচ্ছে? বার্নলির বিপক্ষে ১-০ গোলের এক ঘাম ঝরানো জয়ে মিকেল আর্তেতার দল প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের একদম শেষ ধাপে এসে দাঁড়িয়েছে। মৌসুমের শেষ সপ্তাহে এসে সমীকরণ এমন এক রোমাঞ্চকর মোড় নিয়েছে যে, আজ নিজেদের ম্যাচ না থেকেও উৎসবের প্রস্তুতি নিয়ে রাখতে পারে উত্তর লন্ডনের ক্লাবটি।
পয়েন্ট টেবিলের হিসেবে ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তবে পেপ গার্দিওলার সিটির হাতে রয়েছে একটি বাড়তি ম্যাচ। আজ মঙ্গলবার (১৯ মে) রাতে বোর্নমাউথের মুখোমুখি হচ্ছে ম্যান সিটি। এই ম্যাচে বোর্নমাউথ যদি সিটিকে রুখে দিতে পারে (ড্র বা জয়), তবে আর্তেতার দল কোনো ম্যাচ না খেলেই অঘোষিতভাবে প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর লিগ ট্রফি আবারও এমিরেটস স্টেডিয়ামে ফেরার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না আর্সেনাল ভক্তরা।
আজ রাতে ম্যান সিটি যদি জিতে যায়, তবে প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণ হবে আগামী ২৪ মে, মৌসুমের শেষ দিনে। শেষ ম্যাচে আর্সেনালকে খেলতে হবে ক্রিস্টাল প্যালেসের মাঠে, যেখানে জয় পেলেই কোনো হিসেব ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে সিটি খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।
যদি কোনো কারণে শেষ ম্যাচে আর্সেনাল ড্র করে এবং সিটি তাদের বাকি দুটি ম্যাচই জিতে নেয়, তবে দুই দলের পয়েন্ট হয়ে যাবে সমান। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী তখন মাপা হবে গোল ব্যবধান। বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান সমান (+৪৩)। কিন্তু গোল করার দিক থেকে ৭৫-৬৯ ব্যবধানে এগিয়ে থাকার কারণে এবং হেড-টু-হেড রেকর্ডে সুবিধা পাওয়ায় সমান-সমান পরিস্থিতিতে ট্রফি চলে যাবে ইতিহাদ স্টেডিয়ামে। ২০১১/১২ মৌসুমে আগুয়েরোর সেই বিখ্যাত শেষ মুহূর্তের গোলের মতো আরেকটি হাই-ভোল্টেজ সমাপ্তির সুবাস পাচ্ছে ফুটবল বিশ্ব।
আর্সেনালের জন্য এবারের মৌসুমটি কেবল ঘরোয়া লিগেই সীমাবদ্ধ নেই। লিগের এই স্নায়ুচাপের মাঝেই আগামী ৩০ মে বুদাপেস্টে পিএসজির বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে তারা। দুই ফ্রন্টেই ট্রফি জিতে এক ঐতিহাসিক 'ডাবল' উদযাপনের স্বপ্ন দেখছেন গানার্সরা। তবে তার আগে আজ রাতের বোর্নমাউথ বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচের দিকেই চাতক পাখির মতো তাকিয়ে থাকবে পুরো ফুটবল দুনিয়া। চালকের আসনে থাকা আর্সেনালের রাজমুকুট পরা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।




