বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ প্রায় একশ বছরের যাত্রায় পা রাখতে যাচ্ছে এক অবিস্মরণীয় মাইলফলকে। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া এই আসর এবার স্পর্শ করবে তার ১০০০তম ম্যাচের ঐতিহাসিক সীমানা। এই দীর্ঘ পথচলায় অসংখ্য কিংবদন্তি জন্ম নিয়েছে, কোটি কোটি দর্শকের আবেগ জড়িয়ে গেছে এবং ফুটবলকে করে তুলেছে সত্যিকারের বৈশ্বিক উৎসব।
বাংলাদেশ সময় রোববার সকাল ১০টায় (২১ জুন, ২০২৬) এস্তাদিও মন্টেরিতে মুখোমুখি হবে জাপান ও তিউনিসিয়া। ফিফার নিশ্চিতকরণ অনুসারে এই ম্যাচটিই হবে বিশ্বকাপের ইতিহাসে ঠিক ১০০০তম খেলা। দুই দলের জন্য এটি শুধু একটি সাধারণ ম্যাচ নয়, এটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়েরও অংশ।
আরও পড়ুন- রানির কামরায় পাওয়া ৫০০ বছরের ফুটবল থাকবে ব্রাজিল ম্যাচে
‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়া চাপে আছে। অন্যদিকে নেদারল্যান্ডসের সঙ্গে রোমাঞ্চকর ২-২ গোলের ড্র করে জাপান আত্মবিশ্বাসী। শেষ ষোলোয় যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয় ছাড়া বিকল্প নেই।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে বেশ কয়েকটি মাইলফলক ম্যাচ বিশেষভাবে স্মরণীয়:
প্রথম ম্যাচ (১৯৩০): যুক্তরাষ্ট্র ৩-০ বেলজিয়াম এবং ফ্রান্স ৪-১ মেক্সিকো (একই সময়ে শুরু হওয়ায় দুটিকেই প্রথম ম্যাচের স্বীকৃতি)। এরপর ১০০তম ম্যাচ (১৯৫৪): অস্ট্রিয়া ৩-১ উরুগুয়ে। ২০০তম ম্যাচ (১৯৬৬): ইংল্যান্ড ৪-২ জার্মানি (ফাইনাল)। ৯০০তম ম্যাচ (২০১৮): ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া (ফাইনাল)।
এবার সেই তালিকায় যোগ হচ্ছে জাপান ও তিউনিসিয়ার নাম। তাতে প্রমাণ করে, বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়া এক অনন্য বৈশ্বিক আবেগ।




