বিশ্বকাপের মঞ্চে শিরোপার আলোচনায় সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর নামই বেশি উচ্চারিত হয়। তবে এবারের আসরে সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য চ্যাম্পিয়নদের কাতারে দেখছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। মার্কিন দলের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে আশাবাদী করে তুলেছে।
গ্রুপ ‘ডি’-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ের ফলে নকআউট পর্বে জায়গাও নিশ্চিত করেছে স্বাগতিকরা। মাঠে তাদের আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত ফুটবল দেখে মুগ্ধ হয়েছেন ইব্রাহিমোভিচ।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখন যারা যুক্তরাষ্ট্রকে নিয়ে সন্দিহান, তাদেরও বিশ্বাস করা শুরু করা উচিত। তার মতে, পুরো দেশের সমর্থন দলের পেছনে থাকায় যুক্তরাষ্ট্রকে হারানো সহজ হবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্কিনরা এমন আধিপত্য দেখিয়েছে যে প্রতিপক্ষ তেমন কোনো চাপই সৃষ্টি করতে পারেনি।
ইব্রাহিমোভিচ মনে করেন, বিশ্বকাপের আগে কোনো দল কী করেছে, তা এই মুহূর্তে খুব বেশি গুরুত্ব বহন করে না। আসল বিষয় হলো টুর্নামেন্ট চলাকালীন পারফরম্যান্স। সেই দিক থেকে যুক্তরাষ্ট্র দুর্দান্ত ছন্দে রয়েছে এবং ম্যাচের পর ম্যাচ আত্মবিশ্বাস বাড়িয়ে চলেছে।
তার ভাষ্য অনুযায়ী, একটি দলের জন্য ধারাবাহিক আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। বর্তমান গতি ও মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্র আরও অনেক দূর যেতে সক্ষম হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রথমে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে অ্যালেক্স ফ্রিম্যানের হেড থেকে আসে দ্বিতীয় গোল। এই জয়ের মাধ্যমে ১৯৩০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে যুক্তরাষ্ট্র।
এখন দেখার বিষয়, স্বাগতিকরা তাদের দারুণ ছন্দ ধরে রেখে সত্যিই শিরোপার লড়াইয়ে কতটা দূর এগোতে পারে।




